ভূমিমন্ত্রীর নির্দেশে ছয় মাস পর খুলল সড়ক

আপডেট : ২৮ জুন ২০২০, ০৮:৩৯ পিএম

আর অপেক্ষা নয়, এবার বাধাহীন যাত্রা। দীর্ঘ ভোগান্তির পর যানবাহনের চালক কিংবা যাত্রী সবার মুখেই চওড়া হাসি। খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের আনোয়ারা সদরের ওপর দিয়ে যাওয়া আনোয়ারা-বরকল সড়ক। রবিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয় এ সড়কে। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে সড়কটির এক কিলোমিটার অংশ ঢালাই কাজের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

সওজ সূত্র জানায়, ১৪ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় থেকে জয়কালী হাট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়। তার মধ্যে আড়াই কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ বহু আগে শেষ হয়। অবশিষ্ট এক কিলোমিটার অংশে ঢালাই কাজ শুরু হয় ১৮ জানুয়ারি। 

এ কারণে সওজ কর্তৃপক্ষ আনোয়ারা থানার মোড় থেকে জয়কালী হাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখে। এক মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ছয় মাস লেগে যায়। মেসার্স হাসান টেকনো বিল্ডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়।

গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘ ছয় মাস বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করে আসছিল। এক সপ্তাহ আগে পিচ ঢালাইয়ের কাজ শেষ হলেও সড়ক বন্ধই রাখা হয়। এ নিয়ে উপজেলা প্রশাসনসহ জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়। 

বিষয়টি জেনে শনিবার বিকেলে সড়কটি পরিদর্শন করেন ভূমিমন্ত্রীর সহকারি একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম। ওই সময় তিনি কাজে ঠিকাদারের গাফিলতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। 

জনদুর্ভোগ লাঘবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শনিবার রাতে যান চলাচলের জন্য সড়ক খুলে দেওয়ার নির্দেশ দেন। পরে রোববার থেকে এ সড়কে যান চলাচল শুরু হয়। 

বে সড়ক সংস্কার কাজ শেষ পর্যায়ে হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ করা হলেও পানি সরানোর ব্যবস্থা নেই। ড্রেনের মধ্যে পানি জমে ময়লা-আবর্জনায় দুর্গন্ধ ছড়ানোয় পরিবেশের ক্ষতি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের ওপর পানি থৈ থৈ করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, যানবাহন চলাচলে সড়কটি খুলে দেওয়া হয়েছে। এর মধ্যেই বাকি কাজ সম্পন্ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত