দেশে মৃত্যু ১৭০০ ছাড়াল, নতুন শনাক্ত ৩৮০৯

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৩০ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণের রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গতকাল রবিবার দেশে করোনা শনাক্তের ১১৩তম দিনে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৮০৯ রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ের মধ্যে আরও ৪৩ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

এদিকে গতকাল ১৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা দিনের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। এদিন প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ২১ জনের বেশি শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০০ রোগীসহ মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

গতকাল নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৯ জন শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে গতকাল পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষায় মোট ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১ হাজার ৭৩৮ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসা মিলে আরও ১ হাজার ৪০৯ জনসহ সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। শনাক্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ২৬ শতাংশ ও সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের বিষয়ে বুলেটিনে বলা হয়, এদের মধ্যে পুরুষ ৩১ ও নারী ১২ জন। সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১০, খুলনা ও সিলেটে ৩ জন করে, রাজশাহী ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে। মৃতদের বয়স ২১-৩০ বছরের ২ জন, ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৭ জন, ৫১-৬০ বছরের ১৩ জন, ৬১-৭০ বছরের ১২ জন, ৭১-৮০ বছরের ৭ জন এবং ৮১-৯০ বছরের ১ জন।

গতকাল নতুন করে বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়। এ নিয়ে দেশে মোট ৬৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, ঢাকা মহানগরীতে কভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ বেডের সংখ্যা ৫ হাজার ৯৮৫টি এবং আইসিইউ বেডের সংখ্যা ২০২টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা ১৪ হাজার ৩৪৮টি এবং আইসিইউ বেডের সংখ্যা ৪২১টি। সারা দেশে সাধারণ বেডে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৮৯৮ জন এবং আইসিইউ বেডে ভর্তি ১৯৬ জন। সারা দেশে ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০৫ জন এবং ছাড়া পেয়েছেন ৫৯০ জন।

বুলেটিনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ৭১৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ১৪ হাজার ৫২৩ জন। একই সময়ের মধ্যে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও ৩ হাজার ৯০ জনকে। বর্তমানে সারা দেশে কোয়ারেন্টাইনে আছেন ৬৪ হাজার ৫৯৮ জন। স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে ২৪ ঘণ্টায় কল এসেছে ১ লাখ ৬৭ হাজার ২১৭টি। স্থল, সমুদ্র ও বিমানপথে ২৪ ঘণ্টায় দেশে প্রবেশ করেছেন ১ হাজার ৩০৮ জন, তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত