গাইবান্ধায় করোনা টেস্টের ল্যাব স্থাপনসহ সুচিকিৎসা নিশ্চিত এবং সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদের (মার্কসবাদী) সদস্য সচিব মনজুর আলম মিঠু, গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আফরোজা খানম লিলি, সাংস্কৃতিক কর্মী শাহনাজ আমিন মুন্নী, জেলা নারীমুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন, সদস্য হালিমা খাতুন, পারুল বেগম ও শামিমআরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধায় করোনা টেস্টের কোন পিসিআর ল্যাব নেই। তাই রিপোর্ট পেতে বেশি সময় লাগায় নমুনা দেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সুযোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। করোনা আইসোলেশন সেন্টারে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন রোগীরা। তাই গাইবান্ধায় একটি করোনা টেস্টের ল্যাব স্থাপন ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, করোনা মহামারীর সময়েও সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা বৃদ্ধি পেয়েছে। গত একমাসে শুধু গাইবান্ধাতেই ভন্ড কবিরাজের হাতে ধর্ষণের শিকার হয়েছে তিন শিশু। অপর এক ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন এক সন্তানের জননী এবং আরেকটি ঘটনায় ধর্ষণের শিকার হয়েছে স্কুল শিক্ষকের দ্বারা গৃহপরিচারিকা। কিন্তু এসব ধর্ষকদের বেশিরভাগই এখনো গ্রেপ্তার হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণ-নির্যাতন বেড়েই চলছে।
