রাজধানীতে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২০, ১০:৫৪ পিএম

রাজধানীর দক্ষিণখান ও খিলগাঁও থানা এলাকা থেকে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ) মফিজুর রহমান পলাশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল ইসলাম ওরফে সাইদুল ইসলাম রুবেল (৩৪), মো. নুরছাফা (৩০), মনি বেগম (৪০), মো. উদয় হোসেন উজ্জল (২৮) ও মো. সাইফুল ইসলাম।

মফিজুর রহমান পলাশ জানান, রবিবার খিলগাঁও থানার রামপুরা-বনশ্রী মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ। তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দক্ষিণখান থানা এলাকা থেকে ৩,৯৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত