করোনায় আক্রান্ত যেসব অঞ্চলে বাড়ছে ও কমছে

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:০৫ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে এক কোটির বেশি মানুষ এখন আক্রান্ত হয়েছে। ভাইরাসটি দ্বিতীয় ধাপে আরও বিপজ্জনক ও প্রাণঘাতী রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। পশ্চিম ইউরোপ ও এশিয়ার কিছু দেশে ভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আর অন্য অঞ্চলগুলোতে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কজনকহারে বাড়ছে। প্রথম দশ লাখ মানুষ আক্রান্ত হতে সময় লেগেছিল প্রায় তিন মাস। কিন্তু সম্প্রতি মাত্র আটদিনে দশ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। লাতিন আমেরিকার এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার মতে, আরও কম সময়ে অধিক সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমেরিকা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছেই। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই পৃথিবীতে আক্রান্ত দেশগুলোর মধ্য সবচেয়ে বেশি। গত কয়েকদিনে দেশটিতে গড়ে ৪০ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষত আরিজোনা, টেক্সাস ও ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে দশ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই। ব্রাজিলের পরই মেক্সিকো, ভারত, দক্ষিণ আফ্রিকায় বহু মানুষ আক্রান্ত হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে দিনে পনের হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে থেকেই বলে আসছিল যে, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। জনবহুল দেশগুলোতে অধিকাংশ পরিবারই এক রুমের ছোট বাসায় বাস করে। ফলে তাদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা সহজ হয় না। অন্যদিকে নিউজিল্যান্ডের মতো কিছু দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমে আসছে। টানা ২৪ দিন নিউজিল্যান্ডে কোনো সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু সম্প্রতি আরও কয়েকজন আক্রান্ত পাওয়া গেছে। একই অবস্থা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও। প্রযুক্তি ও কন্টাক্ট ট্রেসিংয়ের সাহায্যে দেশটি করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। সবচেয়ে বেশি সফল বলা হচ্ছে ভিয়েতনামকে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভিয়েতনাম সবচেয়ে বেশি সফল। দেশটির সরকারের দাবি, তাদের দেশে করেনায় কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। অবকাঠামোগত দুর্বলতার মধ্যেও করোনায় দেশটির সাফল্য ঈর্ষণীয়। আরও কিছু উন্নয়নশীল দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে এখনো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত