মাদারীপুরে ইউএনও স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ৩০ জুন ২০২০, ০৮:০৩ এএম

মাদারীপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্বাস্থ্য কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার দুপুর পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৮ জনে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৬৫ জন। করোনায় মারা গেছেন ১১ জন; উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৬৬, রাজৈরে ২৩১, কালকিনিতে ১২৪ ও শিবচরে ১১৭ জন রয়েছেন।

এদিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র ম-ল জানান, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিটুন বিশ্বাস, তার স্ত্রী প্রিয়াংকা ও তিন পুলিশসহ রাজৈরে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত হয়।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রথমে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হন। গত রবিবারের রিপোর্টে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনেরও করোনা পজিটিভ এসেছে। আমি তার ও তার পরিবারের আরোগ্য কামনা করি। জেলা প্রশাসন সব সময় তাদের খোঁজ নিচ্ছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত