মাদক ব্যবসা নিয়ে যুবলীগের সংঘর্ষ, পথচারী নিহত

আপডেট : ৩০ জুন ২০২০, ০৪:১০ পিএম

প্রভাব বিস্তার আর মাদক ব্যবসায় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের মধ্যে পড়ে শামীম গাজী (২৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার পুরান বজাার এলাকার মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এই সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। সংঘর্ষে দুই পক্ষের  অন্তত ১০ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল দিয়ে বাসায় যাবার পথে শামীম গাজীর মাথায় ইট পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি।

শামীম চাঁদপুর শহরের গ্র্যান্ড হিলশা নামে একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, মাদকের আধিপত্যকে কেন্দ্র করে চাঁদপুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঙ্গে পাশের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটোয়ারীর ভাই রাসেল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

পুরানবাজারের মধ্য শ্রীরামদী এবং মেরকাটিজ সড়ক এলাকায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এতে করে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে প্রথমে পুরানবাজার পুলিশ ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা চালায়। পরে সদর মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় লাঠিচার্জ এবং শর্টগানের কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।

ওসি জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে জড়িত কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে।

এ ব্যাপারে চাঁদপুর পৌর যুবলীগ আহ্বায়ক মালেক শেখ বলেন, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, এই ঘটনায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। সংঘর্ষে নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত