উন্মুক্ত হলো সমুদ্রকন্যা কুয়াকাটা

আপডেট : ০১ জুলাই ২০২০, ০৩:২৩ পিএম

অবশেষে শত দিন পরে বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে পর্যটক আগমনে অনুমতি দেয় জেলা প্রশাসন।

ইতোমধ্যে হোটেল-মোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে ইতিমধ্যে কুয়াকাটায় আগমন ঘটতে শুরু করেছে পর্যটকদের।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক আগমন বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন।

এতে কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করেন হোটেল-মোটেলের কর্মচারীরা।

এক’শ দিনের টানা লকডাউনে বড় লোকসানের মুখে পড়েন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চাকরিচ্যুত হয়েছে অনেক কর্মচারী। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোশিয়েশন সাধারন সম্পাদক মোতালেব শরীফ বলেন, আগত পর্যটকদের করোনাভাইরাস মুক্ত রাখতে সকল স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, প্রতিশ্রুতি মোতাবেক ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত