ঢাকা থেকে নাটোরে মামা বাড়ি বেড়াতে আসা বিধান সরকার (৪৭) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার রাতে নাটোর শহরের তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় মামা কার্তিক দাসের বাড়িতে সে মারা যায়।
এদিকে করোনা উপসর্গ থাকায় স্বজনদের কেউ তার সৎকারে এগিয়ে না আসায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম তার সৎকারের ব্যবস্থা করেন। মৃত বিধান সরকার নওগাঁ জেলার রানীনগর এলাকার দুলাল সরকারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিধান সরকার মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা থেকে নাটোরের জংলি গ্রামে তার মামা মৃত কার্তিক সরকারের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। করোনা উপসর্গে তার মৃত্যুর পর স্বজনসহ এলাকাবাসীদের কেউ তাকে সৎকার করতে রাজি হয়নি। ফলে রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে জংলি শশ্মানে তার সৎকার করানো হয়েছে। বিধান সরকারের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া কার্ত্তিক সরকারের বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
