ফেনীতে মসলা কারখানায় ভেজাল মেশানোর সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শুক্রবার দুপুরে শহরের রামপুর আবু বক্কর সড়ক থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, ভেজাল পণ্য উৎপাদন ও বিপনন বন্ধে ওই অভিযান চলায় র্যাব। এ সময় রামপুর আবু বক্কর সড়কের জহির উদ্দিন লিটনের মিলে ভেজাল মরিচের গুঁড়া তৈরি সংবাদ পেয়ে সেখানে তিন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় র্যাব নারায়ন চন্দ্র বনিক (৫২) ও পবিত্র বনিককে (৩১) আটক করে। পরে ওই মিল থেকে ১২ বস্তা ধানের কুড়া, ৪ বস্তা শুকনো মরিচ ও ২ কেজি রং উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বলেন, ১ বস্তা মরিচের সাথে ১০ বস্তা ধানের কুড়া ও ৫ কেজি রাসায়নিক পদার্থ (কমলা রংয়ের) মিশ্রণ করে ভেজাল মরিচের গুঁড়া তৈরি করেন। এই সব ভেজাল পণ্য নামিদামি কোম্পানির মোড়কে ফেনীর জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছেন তারা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
