ভার্চুয়াল শুনানি: ৩৫ কার্যদিবসে সাড়ে ৪৯ হাজার আসামির জামিন

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১০:৩৩ পিএম

সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ৩৫ কার্যদিবসে ৪ হাজার ৯৬০ আসামির জামিন হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ১১ মে থেকে ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ কার্যদিবসে জামিনের জন্য ৯৫ হাজার ৫২৩টি আবেদন নিস্পত্তি করে এ জামিন মঞ্জুর হয়।

সাইফুর রহমান আরও জানান, ভার্চুয়াল শুনানিতে এখন পর্যন্ত ৬০৮ শিশুর জামিন হয়েছে। জামিন হওয়ার পর ৫৮৩ শিশুকে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত মার্চের শেষ সপ্তাহে সরকারি-বেসরকারি প্রতিষ্টান ও আদালত ছুটি ঘোষণা করে সরকার। ছুটির মধ্যে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় গত ১১ মে।

এর আগে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ ’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। সরকার ঘোষিত ছুটি গত ৩০ মে শেষ হয়। তবে, উচ্চ ও অধস্তন আদালতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতিতে নিয়মিত বিচার কার্যক্রম এখনও শুরু হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল আদালতে মামলার শুনানি চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত