করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সামসুল আলম প্রধান (৫৩) মারা গেছেন। শুক্রবার রাতে তিনি মারা যান।
সামসুল আলম পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
এ নিয়ে জেলার ৫টি উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়াল। শুক্রবার জেলায় আরও ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার সকালে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ কথা জানান।
লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় ১৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং ৯৪ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় বলেন, ‘সামসুল আলম প্রধান পাটগ্রাম উপজেলায় একজন নামকরা ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ ও দায়িত্বশীল মানুষকে হারালাম।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কালী প্রসাদ সরকার বলেন, গত ২৮ জুন সামসুল আলমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২ জুলাই পাঠানো রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।
