সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে শনিবার দুপুরে কাপড় ব্যবসায়ীরা করোনায় স্বাস্থ্য বিধি অমান্য করে কাপড়ের হাট সপ্তাহে দুই দিন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি শহরের অগ্নিবীনা সংসদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ও শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে কাকলি মার্কেটের সামনে গিয়ে শেষে হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাঁত কাপড় ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম, মো. রওশন আলী, রাসেল মিয়া, মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের বৃহত্তম এই কাপড়ের হাটটি প্রতিষ্ঠালগ্ন থেকে সপ্তাহের বৃহস্পতি ও সোমবার দুই দিন হয়ে আসছে। করোনার অজুহাতে এখন হাট কমিয়ে একদিন করা হয়েছে। এতে করে ব্যবসায়ীরা খরচ মিটিয়ে লাভের মুখ না দেখে লোকসান হচ্ছে। এই ক্ষতির হাত থেকে বাঁচাতে ও তাঁতীদের রক্ষার্থে তারা চার দিনের পরিবর্তে সপ্তাহের দুই দিন হাট চালুর দাবী জানান।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, কিছু সংখ্যক লোক জড়ো হয়ে রাতে হাট চালুর দাবিতে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল। কিন্ত এ বিষয়ে কোন বিক্ষোভ মিছিল হয়নি। এ ছাড়া এ বিষয়টি দেখার দায়িত্ব হাট কমিটি ও উপজেলা নির্বাহী অফসারের। তারাই এটা দেখবেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, রবিবার সকালে মিছিলকারী ও হাট কমিটির লোকদের ডেকেছি। ওদের নিয়ে মিটিং করে বিষয়টি সুরাহা করা হবে।
