অবশেষে ফ্রি-কিকে গোল রোনালদোর

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০১:৫১ এএম

ফ্রি-কিক থেকে গোল করতে ভুলে গিয়েছিলেন ফ্রি-কিক মাস্টার! কি যে হয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর, জুভেন্তাসে যোগ দেওয়ার পর ফ্রি-কিক থেকে গোলই পাচ্ছিলেন না। ৪২বার ব্যর্থ হওয়ার পর অবশেষে ৪৩তম প্রচেষ্টায় সফল হলেন। সিরি আতে তুরিনোর বিপক্ষে ম্যাচে ছুঁলেন দারুণ এক মাইলফলকও। দলও পেল বড় জয়।

শনিবার নিজেদের মাঠে তুরিনোকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। রোনালদো ছাড়াও দলটির হয়ে একটি করে গোল পেয়েছেন পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো। অন্য গোলটি আত্মঘাতী। তুরিনোর পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটির করেন আন্দ্রেয়া বেলোত্তি।

৬১ মিনিটে পাওয়া রোনালদোর গোলটি এ মৌসুমে সিরি আতে তার ২৫তম গোল। এতে হয়ে গেছে দারুণ এক রেকর্ড। ৬০ বছর পর সিরি আতে এক মৌসুমে কেউ ২৫ গোল করলেন। সবশেষ ১৯৬০-৬১ মৌসুমে এই কীর্তি গড়েন ওমর সিভোরি। সিরি আতে এখনো ৮ ম্যাচ বাকি জুভেন্তাসের। রোনালদোর সামনে তাই ওমর সিভোরিকে ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব।

রোনালদোময় ম্যাচে জিয়ানলুইজি বুফনও গড়েছেন অনন্য কীর্তি। ইতালিয়ান লিগে  ৬৪৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন ৪২ বছর বয়সী তারকা। ইতালিয়ান শীর্ষ লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তার। ৬৪৭ ম্যাচ খেলে এতদিন যে রেকর্ড ছিল পাওলো মালদিনির।

এদিন খেলার শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন দিবালা। মাত্র ৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন নিজের। ২৯ মিনিটে রোনালদোর এসিস্ট থেকে গোল করেন কুয়াদরাদো।

বিরতির আগে যোগ করা সময়ে পেনাল্টি থেকে তুরিনোর পক্ষে ব্যবধান ২-১ করেন বেলোত্তি।

বিরতির পর ৬১ মিনিটে রোনালদোর গোল ফ্রি-কেক থেকে। ক্লাব পর্যায়ে রোনালদোর ফ্রি-কিক থেকে এটি ৪৬তম গোল। এর মধ্যে ৩২ টি রিয়াল মাদ্রিদের হয়ে, ১৩টি ম্যানচেস্টার ইউনাইটেডের।

শেষ দিকে আত্মঘাতী গোলে জুভেন্তাসের ৪-১ গোলের জয় নিশ্চিত হয়। ৩০ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্তাস। দ্বিতীয় স্থানে থাকা লাজিওর চেয়ে যা ৭ পয়েন্ট বেশি। সমান ম্যাচে লাজিওর পয়েন্ট ৬৮। আর ৩১ পয়েন্ট নিয়ে তুরিনো আছে ১৫তম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত