গোপালগঞ্জ ও ফরিদপুরে বৃদ্ধা ও তরুণ খুন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৮:১০ এএম

জমিসংক্রান্ত বিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বৃদ্ধাকে পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছে। ফরিদপুরে তরুণকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষ। নেত্রকোনার দুর্গাপুরে গাছে ঝুলন্ত গৃহবধূর এবং ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে খামার শ্রমিকের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

গোপালগঞ্জ : কোটালীপাড়ায় কুলসুম বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে, ছেলের বউ ও মেয়েরা পিটিয়ে হত্যা করে। কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দার পাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম সবর আলি সিকদার। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।

ফরিদপুর : শহরের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকা-ের সঙ্গে জড়িত দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। নিহত তরুণের নাম মিজানুর রহমান বাচ্চু (৪৮)। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খানের ছেলে। হত্যাকারী সন্দেহে আটক দুজন হলো শরীফ (১৮) ও হাবিব (১৮)।

নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত বলেন, মামা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে।

নেত্রকোনা : নিজ বাড়ির উঠানে জাম্বুরা গাছ থেকে পূর্ণিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়ায় এ ঘটনা ঘটেছে। গৃহবধূ পূর্ণিমা মেহতা (৪৫) ওই এলাকায় রাজমিস্ত্রি বুলিয়া মেহতার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া : শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর পঞ্চবটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম জেলা শহরের উত্তর পৈরতলার মৃত আসগর আলীর ছেলে। তিনি সুলতানপুরের একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত