কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:১৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আরও অর্ধশতাধিক আহত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় শুরু হওয়া প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে হতাহতের পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রামের মুক্তিযোদ্ধা দুলাল শেখের ছেলে মামুন শেখের সাথে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় সেখানে উপস্থিত কুমারখালী থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ ছত্রভঙ্গ করতে রাবার বুলেটও ব্যবহার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের সংবাদ শুনেছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত