করোনা সংক্রমণের শীর্ষ তিনে ভারত

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:৩৮ এএম

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবার রাশিয়াকেও ছাড়িয়ে গেছে ভারত। শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল সোমবার সকাল নাগাদ ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৪। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭০০ জনের। আর এখন পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন।

বিশ্বে যেসব দেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে তার মধ্যে ভারত অন্যতম। গত রবিবার টানা নবম দিনের মতো ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া এনডিটিভিকে বলেন, ভারত কভিড-১৯-এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শনাক্ত রোগী এক থেকে দুই লাখে পৌঁছায় মাত্র ১৫ দিনে। দুই থেকে তিন লাখে ১০ দিনে, তিন থেকে চার লাখে ৮ দিনে, চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে লাগে ছয় দিন। শেষ এক লাখ যোগ হতে লেগেছে আরও কম সময়, মাত্র পাঁচ দিন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২১২২৩৬টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। পৃথিবীজুড়ে করোনা সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত