যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি কফিশপে এক মুসলিম তরুণী কফি খেতে গেলে তার কাপে ‘আইএস’ লিখে দেন দোকানটির কর্মচারী। এই ঘটনার পর ১৯ বছর বয়সী আয়েশা চুপ করে না থেকে অভিযোগ দায়ের করেছেন।
আয়েশা সবসময় হিজাব পরেন। আর সেভাবেই টার্গেট স্টারবাকে যান তিনি।
‘এটি দেখে আমি হতাশ হয়ে পড়ি। একদম অবমাননাকর। এই একটা শব্দ দিয়ে গোটা পৃথিবীর মুসলিমদের হেয় করা হচ্ছে,’ আয়েশা সিএনএনকে বলেন, ‘এই যুগে আমি এটি বিশ্বাসই করতে পারি না। মহামারীর কারণে আমার মুখে মাস্ক ছিল। ওই ব্যক্তি কয়েকবার আমার নাম জানতে চান। আমি একাধিকবার বলেছি।’
ঘটনাটি ১ জুলাইয়ের। মার্কিন গণমাধ্যমে জানাজানি হয়েছে দুদিন আগে।
আয়েশা বলেন, ‘আমি যেভাবে আমার নাম বলেছি তাতে আইএস শোনার কথা নয়। আমি ধীরে ধীরেই বলেছি। আর আয়েশা অপরিচিত কোনো নাম নয়।’
আয়েশার অভিযোগের পর টার্গেট দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ‘ওই কর্মচারী আয়েশার নাম ঠিকমতো বুঝতে পারেনি।’
‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু যা ঘটেছে তার জন্য দুঃখিত।’
