স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্যের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১০:০০ পিএম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, বীর মুক্তিযোদ্ধা মৃণাল ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবে মৃণাল ভট্টাচার্য মহান মুক্তিযুদ্ধের সময়ে দেশবাসী বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সাহস ও মনোবল জোগাতে এবং উজ্জীবিত করতে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন।

যুদ্ধের সময়ে প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড থাকবে, ততদিন মৃণাল ভট্টাচার্যের মতো কণ্ঠযোদ্ধাদের এদেশের মানুষ স্মরণে রাখবে।

উল্লেখ্য, মৃণাল ভট্টাচার্য (৭৪) বুধবার ভোররাতে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত