আউটসোর্সিংয়ের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০২:০৩ এএম

আউটসোর্সিং খাতের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বেসরকরি প্রাইম ব্যাংক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (ব্যাক্কো) সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এর ফলে ব্যাক্কোর সদস্যরা প্রাইম ব্যাংক থেকে এ ঋণ সুবিধা পাবেন।

গতকাল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ এবং ব্যাক্কোর প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান শরীফ এ সেবার উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী মো. আবদুল মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, এটা নতুন একটি উদ্যোগ। আশা করি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এ খাতে ঋণ দিয়ে সহযোগিতার জন্য প্রাইম ব্যাংককে সাধুবাদ জানান তিনি।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযানে প্রাইম ব্যাংক বদ্ধপরিকর। এই সংগঠনের পাশাপাশি ইতিপূর্বে আমরা আরও তিনটি সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। তথ্যপ্রযুক্তি খাতে ইতিমধ্যে তিন কোটি টাকার ওপরে জামানতবিহীন ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক। শুধু এই খাত নয়, ভবিষ্যতে দেশের সম্ভাবনাময় সব খাতেই নতুন নতুন বিনিয়োগের চিন্তা করছে প্রাইম ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত