সারা দেশের সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সেবা অব্যাহত রেখে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন মেডিকেল টেকনোলজিস্টরা। ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ ও অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জনের নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ বিভিন্ন দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করবেন তারা।
গতকাল বুধবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত এক অবস্থান ধর্মঘট থেকে ৬ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করে বিএমটিএ। সমাবেশে উত্থাপিত দাবিগুলোর মধ্যে আছে স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি, চাকরির শুরুতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ, স্বেচ্ছাসেবক বা অস্থায়ী বা মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ, সুপ্রিম কোর্টের আদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া, অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান।
বিজ্ঞপ্তিতে বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান এবং মহাসচিব মোশাররফ হোসেন খান সারা দেশের সব মেডিকেল টেকনোলজিস্টকে কর্মবিরতি সফল করার আহ্বান জানান।
