অবহেলায় কারাগারে বিএনপি নেতাদের মৃত্যু হচ্ছে : ফখরুল

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৩৩ এএম

সরকার ও কারা কর্র্তৃপক্ষের অবহেলায় কারাগারে বিএনপি নেতাদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুরহান আহমেদ মজিদ কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, সরকারি নির্যাতন ও কারা কর্র্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপি নেতাকর্মীরা অসুস্থ হয়ে অহরহ মারা যাচ্ছেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, তুরহান আহমেদ মজিদ মিথ্যা মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে গতকাল সকাল ৯টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। তার চিকিৎসায় কারা কর্র্তৃপক্ষের চরম অবহেলা এবং অসুস্থতার সঙ্গে সঙ্গে চিকিৎসা না দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। কারা কর্র্তৃপক্ষের এ ধরনের অমানবিকতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, জিউপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুরহান আহমেদ মজিদের কারাগারে মৃত্যু একটি অস্বাভাবিক মৃত্যু। কারা কর্র্তৃপক্ষের নিষ্ঠুর অমানবিকতার শিকার হলেন তুরহান আহমেদ মজিদ। কারা কর্র্তৃপক্ষ জানে, কারাগারের মধ্যে কোনো বিএনপি নেতার মৃত্যু হলে সরকার বরং খুশিই হবে। সে জন্য অসুস্থ তুরান আহমেদ মজিদকে চিকিৎসা দিতে অবহেলা করা হয়েছে। বন্দি অবস্থায়ও বিএনপি নেতাকর্মীরা সরকারি হিংস্রতা থেকে রক্ষা পাচ্ছে না।

তিনি বলেন, তুরহান আহমেদ মজিদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের সব কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন নির্দ্বিধায়। বর্তমানে বিএনপিসহ বিরোধী দল-মতের লোকেরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের স্বাভাবিক মৃত্যু হবে কি না, এ নিয়ে তারা আতঙ্কে সময় পার করছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে বলেই কারাগারের ভেতরে বিএনপির নেতাকর্মীদের জীবন যাচ্ছে কিন্তু তারপরও কারা কর্র্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হয় না। কারাগারে তুরহান আহমেদ মজিদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও বাক্যহারা হয়ে পড়েছি। সরকারি নির্যাতন ও কারা কর্র্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপি নেতাকর্মীরা অসুস্থ হচ্ছেন এবং অহরহ মারা যাচ্ছেন। তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের এহেন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত