গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হলেও তার গলার স্বর স্বাভাবিক হয়নি। এখনও কাশি আছে এবং কথা বলছেন আস্তে আস্তে।
বৃহস্পতিবার তার চিকিৎসকদের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন গণস্বাস্থের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলার স্বর নিচু, কাশি আছে। কথা বলেন আস্তে আস্তে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয় না। তার শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রণে। নিয়মিত খাওয়া দাওয়া করছেন। আগের চাইতে বেশি হাঁটাহাঁটি করতে পারেন। শারীরিক অবস্থা গতকালের চাইতে উন্নতির দিকে। পূর্ণ সুস্থ হতে আরও বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত।
এর আগে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণস্বাস্থ্যের চিকিৎসকরা তাকে ৪২ দিন সম্পূর্ণ রেস্ট নিতে এবং ভিজিটরদের সাথে দেখা ও কথা না বলতে পরামর্শ দিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
