স্পিডবোটে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:২৮ এএম

মাদারীপুরে স্পিডবোটের যাত্রী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলোÑ স্পিডবোট চালক ফারুক মিয়া (২০), কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের মাসুদ মোল্লা (২৪), মাহাবুল মৃধা (২৯) ও নুর মোহাম্মদ হাওলাদার (২৩)।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মাদারীপুরের শিবচর উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে দ্রুত পার করে দেওয়ার কথা বলে ওই নারীকে স্পিডবোটে ওঠায় চালক ফারুকসহ মাহাবুল, নুর মোহাম্মদ ও মাসুদ। পদ্মার মাঝপথে তেল শেষ হওয়ার কথা বলে চালক স্পিডবোটটি পদ্মার চরে নোঙর করে তেল আনতে যায়। এ সময় মাহাবুল, নুর মোহাম্মদ ও মাসুদ ওই নারীকে পদ্মার চরে নিয়ে ধর্ষণ করে। স্পিডবোট চালক তেল নিয়ে ফিরে এলে ওই তিনজন পালিয়ে যায়। পরে ওই নারীকে ফারুক তার বাড়িতে নিয়ে আসে।

গত বুধবার সকালে বিষয়টি শিবচর থানার পুলিশকে জানালে স্পিডবোট চালককে নিয়ে অভিযানে নামে পুলিশ। পরে শিবচর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাহাবুল, নুর মোহাম্মদ ও মাসুদকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। স্পিডবোট চালককেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় মামলা করেছেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত