আধিপত্য বিস্তারের সংঘর্ষে ব্যবসায়ী নিহত, কাউন্সিলরের ৩ ভাই আটক

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৮:৩৩ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও তাঁর ভাইদের হামলায় আক্তার হোসেন (৫৫) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সদর দক্ষিণ উপজেলাধীন কোটবাড়ি রোডের দক্ষিণ চাঙ্গিনী মোড় এলাকায় কাউন্সিলর আলমগীর হোসেনের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে ওই ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন মৃত আলী হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে কাউন্সিলর আলমগীর হোসেনের তিন ভাইকে গ্রেপ্তার করেছে। কাউন্সিলর আলমগীর হোসেন পলাতক রয়েছেন।

নিহত আক্তার হোসেন ও স্থানীয় কাউন্সিলর আলমগীর হোসেন সম্পর্কে চাচাতো ভাই। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল আক্তার হোসেনদের।

শুক্রবার বেলা পুনে ১১টায় প্রথমে কাউন্সিলরের ভাই বিল্লালের সাথে আক্তার সমর্থক আলালের ঝগড়া ও হাতাহাতির ঘটনা হয়। পরবর্তীতে জুম্মার নামাজের পর দেশীয় লাঠিসোঠা নিয়ে আক্তার হোসেনসহ আরো কয়েকজনের উপর হামলা চালায় কাউন্সিলর আলমগীরসহ তার তিন ভাই ও সমর্থকেরা।

এ সময় আক্তার হোসেনকে মাটিতে ফেলে বেধরক মারপিঠ করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আক্তার হোসেনকে কুমিল্লা মুন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের সাথে একই বাড়ির তার চাচাতো ভাই আক্তার হোসেনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের ঝামেলা ছিল। শুক্রবার জুম্মার নামাজের পর কাউন্সিলর ও তার ভাইদের হামলায় আক্তার হোসেন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউন্সিলর আলমগীর পলাতক রয়েছে। তার তিন ভাই আমির হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাউন্সিলর আলমগীর হোসেন পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। এখনও অভিয়োগ দায়ের হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত