অবশেষে মাস্ক পরতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার পরিদর্শনের সময় মাস্ক পরবেন বলে বৃহস্পতিবার জানান। খবর রয়টার্স।
মহামারি করোনা শুরুর পর থেকে এ পর্যন্ত ট্রাম্পকে প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়নি। নিজ দল রিপাবলিকানেও তিনি এ অভিযোগে কোণঠাসা। মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মাস্ক না পরে ঘুরে বেড়ানো তুমুল সমালোচনার জন্ম দেয়।
তবে বৃহস্পতিবার ট্রাম্প জানান, ওয়াশিংটনে অবস্থিত ওই মিলিটারি মেডিকেল সেন্টারে তিনি মাস্ক পরে যাবেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করছি যখন ওয়ালটার রিডে যাব তখন মাস্ক পরব। ওটা একটা হাসপাতাল, আমার মনে হয় সেখানে এটা (মাস্ক) পরা উপযুক্ত কাজ হবে। মাস্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই।
ট্রাম্প জানান, সেখানে তিনি আহত সেনা সদসদের দেখতে যাবেন। এ ছাড়া মেরিল্যান্ডে অবস্থিত সরকারি হাসপাতালে কোভিড-১৯ মোকাবিলায় নিয়োজিত সামনের সারির কর্মীদের দেখতেও তিনি যাবেন।
তবে ডোনাল্ড ট্রাম্প কবে পরিদর্শনে যাবেন সে বিষয়ে কিছু বলেননি। হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সিএনএন জানিয়েছে, সম্ভবত শনিবার টাম্প এসব হাসপাতাল পরিদর্শনে যাবেন।
