মোংলায় পৌর ট্রাক টার্মিনাল বন্ধ, রাস্তায় ট্রাকের জট

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৫১ এএম

মোংলা বন্দরের শিল্প এলাকার বিভিন্ন কলকারখানার মালামাল পরিবহনকারী গাড়ি পার্কিংয়ের জন্য বন্দরের নিজস্ব জমিতে নির্মিত পৌর ট্রাক টার্মিনালটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় ভোগান্তি বেড়েছে বন্দরের শিল্প এলাকাজুড়ে। ফলে বিভিন্ন ফ্যাক্টরির গাড়ি এখন রাখতে হচ্ছে রাস্তার দু’পাশে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় অন্যান্য যানবাহন চলাচলেও বিঘœ ঘটার পাশাপাশি সড়ক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে গত মাসের ৭ তারিখ পৌর ট্রাক টার্মিনালটি বন্ধ করে দেওয়ায় শিল্প এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও হাইওয়ের টোল আদায়কৃত টার্মিনাল বন্ধের নির্দেশনা থাকলেও ভুল বোঝাবুঝির কারণে বন্দরের নিজস্ব এলাকায় নির্মিত টার্মিনালটিও বন্ধ করে দেয়া হয়েছে বলে বলা হচ্ছে।

এদিকে টার্মিনাল বন্ধ থাকায় আর্থিক ক্ষতিতে পড়েছে পৌর কর্তৃপক্ষ। টার্মিনালের আয় দিয়ে পৌর কর্মচারীদের বেতনসহ পৌরবাসীর সেবায় ব্যয় করা হতো। অচিরেই টার্মিনালটি চালু না হলে পৌর কর্মচারীদের বেতন দেওয়া বন্ধ হওয়াসহ নাগরিক সেবাও বিঘিœত হবে।

খোঁজ খবরে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহণ করে দিগরাজ এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল নির্মাণ করে মোংলা পোর্ট পৌরসভা। ২০১৮ সালের ১ মে টার্মিনালটির উদ্বোধনের পর বন্দর ও শিল্প এলাকার সব ট্রাক সেখানেই পার্কিং করে আসছিল এবং সেখান থেকে সিরিয়াল অনুযায়ী বিভিন্ন ফ্যাক্টরির মালামাল নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করত ট্রাকগুলো। ওই টার্মিনাল থেকে বছরে প্রায় ৪০ লাখ টাকা আয় হয়ে আসছিল পৌর কর্তৃপক্ষের।

মোংলা বন্দরের শিল্প এলাকায় গড়ে ওঠা সিমেন্ট, এলপিজিসহ বিভিন্ন ধরনের ২০ ফ্যাক্টরি এবং বন্দরের ও ইপিজেডের পণ্য পরিবহনে নিয়োজিত প্রায় ৭০০ ট্রাকের আসা-যাওয়া ও অবস্থান বন্দরের শিল্প এলাকায়। বন্দর কর্তৃপক্ষ ও পৌরসভা যৌথভাবে এ ট্রাক টার্মিনালটি নির্মাণ করে। গত ৭ জুন পুলিশ টার্মিনালটি বন্ধ করে দেয়।

এ বিষয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবহন মালিক সমিতির দাবির প্রেক্ষিতে যাতে মহাসড়কের কোথাও কোনো টোল আদায় না হয় সেজন্য টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা যদি হাইওয়ের বাইরে এবং বন্দরের নিজস্ব জায়গায় হয়ে থাকে তাহলে তারা কাগজপত্র দেখালে একটা সুরহা করা যেতে পারে।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, বিশ্বব্যাংক থেকে লোন নিয়ে প্রজেক্টের মাধ্যমে টার্মিনালটি করা হয়েছে। এটি বন্ধ করে দেওয়ায় কিস্তি দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। কর্মচারীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়বে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, মুলত ভুল বোঝাবুঝিতে পৌর ট্রাক টার্মিনালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পৌর কর্তৃপক্ষ ইতিমধ্যে চিঠি দিয়েছে। আমরাও চেষ্টা করছি। আশা করা যায় স্বল্প সময়ের মধ্যে এটির সমাধান হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত