ফেনীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই। গতকাল শুক্রবার নতুন করে ২৯ জনের দেহে করোনা শনাক্তের পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯৮। জেলায় এ পর্যন্ত ৬৬৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন আর মারা গেছেন ২১ জন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ জানান, শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১০৫ জনের নমুনার প্রতিবেদন আসে। সেখানে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ১১ জন, দাগনভূঞায় ২, সোনাগাজীতে ১০, ছাগলনাইয়ায় ৩, পরশুরামে ২ ও ফেনী জেলার বাইরের একজন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল পর্যন্ত ৫ হাজার ৫৬৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।
