২০১৮ সালের বাঘ শুমারির জন্য গিনেস বুকে নাম লিখিয়েছে ভারত। দেশটি বৃহত্তম অন-ক্যামেরা বন্যপ্রাণী জরিপের খেতাব পেয়েছে।
অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের ক্যামেরায় বাঘের সংখ্যা হিসাব করা হয়। ‘সঙ্কল্প সে সিদ্ধি’র মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ বছর আগে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দেন।
গিনেস জানিয়েছে, বাঘ গণনার জন্য ২৬ হাজার ৭৬০টি স্থানে পৃথক পৃথকভাবে ক্যামেরা বসায় ভারত। যার সাহায্যে বাঘের প্রায় সাড়ে তিন কোটি ছবি তোলা সম্ভব হয়।
এর মধ্যে ৫১ হাজার ৭৭৭টি ছবি ছিল চিতাবাঘের। এসব ছবি সফটওয়্যারে পর্যালোচনার পর মোট ২ হাজার ৪৬১টি বাঘ শনাক্ত করা হয়।
ভারত সরকারের রিপোর্ট অনুসারে ২০১৮ সালে বলা হয়েছিল, প্রায় ৩ হাজার বাঘ আছে। বাঘের জন্য ভারত পৃথিবীর সব থেকে বড় সুরক্ষিত ঠিকানা হিসেবেও বিবেচিত হয়েছিল ওই সময়। ২০১৪ সালে দেশটিতে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬টি।
বাঘের সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে ভারতের উত্তরাখণ্ডের পশ্চিম সার্কেলে। পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ৭৯ সেখানে ২০১৮ সালে প্রাপ্তবয়স্ক বাঘ বেড়ে দাঁড়িয়েছে ১১৯টিতে।
