গ্রিনরোডের সেই নারীর হত্যা রহস্য উদ্‌ঘাটন, খুনি গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২০, ০২:০৯ এএম

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে উদ্ধার করা সেই পরিচয়হীন নারীর হত্যা রহস্য উন্মোচিত হয়েছে এবং খুনিকে আটকও করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃতের নাম আনসার আলী। তিনি স্থানীয় একটি বাড়ির নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। নবগঠিত রমনা গোয়েন্দা বিভাগের একটি দল শনিবার সকালে রাজধানীর গ্রিনরোড থেকে আনসার আলীকে গ্রেপ্তার করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৪ টায় গ্রিনরোড এলাকার পাকা রাস্তার পাশে এক অজ্ঞাতনামা নারীর (৪০) মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মরদেহের নাক-মুখ দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছিল, শরীরের কামিজ ছেঁড়া, গলায় ওড়না ও পাটের সুতা দিয়ে গিট দেওয়া ছিল।

রমনা ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস জানান, অজ্ঞাত লাশের রহস্য উদ্‌ঘাটন করতে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। পরে গ্রেপ্তারকৃত আনসার আলীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা।

গত বৃহস্পতিবার রাতে সিকিউরিটি গার্ডের ডিউটিরত থাকা অবস্থায় মেয়েটি গেটের কাছে আসলে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তিনি এবং এক পর্যায়ে আনসার আলী ওই নারীকে বাথরুমে নিয়ে যান। কিন্তু “অর্থনৈতিক বিষয়” নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আনসার আলী ওই নারীর গলা চেপে ধরেন এবং বাথরুমের দেয়ালের সাথে ধাক্কা মারেন। আঘাতে মুখ ও গাল থেকে রক্ত বের হয়ে বাথরুমেই মৃত্যুবরণ করেন ওই নারী। আনসার আলী রাতেই মরদেহের গলায় ওড়না ও পাটের রশি পেঁচিয়ে টেনে নিয়ে রাস্তার পাশে ফেলে রাখেন। আনসার আলী স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত