বিএনপি নিশ্চিহ্নে সরকার কূটকৌশল করছে : ফখরুল

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৪৫ এএম

অপশাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপিকে সরকার নিশ্চিহ্ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফরিদপুর জেলার নগরকান্দা পৌর বিএনপির সভাপতি ও ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী কর্র্তৃক বিএনপিসহ দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়-দুস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তখন সরকার সেটিকে বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিম রোলার চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। মূলত বর্তমান অপশাসন নিয়ে সোচ্চার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে এটি সরকারের ধারাবাহিক কূটকৌশল। আসাদুজ্জামান আসাদ নিঃসন্দেহে সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

বিবৃতিতে তিনি অবিলম্বে আসাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত