বিপদসীমার উপরে গাইবান্ধার তিন নদ-নদীর পানি

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৪:১২ পিএম

ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। তবে কয়েকদিন করতোয়া নদীর পানি বাড়ার পর কমতে শুরু করলেও আজ রবিবার থেকে তা আবার বাড়তে শুরু করেছে।

রবিবার বিকেল ৩টায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে করতোয়া নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও ঘাঘট নদী তীরবর্তী চার উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতভিটা, ফসলি জমি।

পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পানিবন্দি এসব মানুষ এ বছরের দ্বিতীয় দফার বন্যায় চরম ভোগান্তি ও কষ্টের শিকার হচ্ছেন।

এদিকে নদী ভাঙনে বিলীন হচ্ছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকা।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, গাইবান্ধার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ভাঙন কবলিত এলাকাগুলোয় ভাঙনরোধে চেষ্টা চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত