যশোরে সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন রিনা বেগম (৪০) নামের এক নারী।
শনিবার রাতে ঝিকরগাছা উপজেলার নওদাগ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় রোববার ভোরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলেও আর্থিক কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ওই নারীর স্বজনেরা।
হাসপাতালে ভর্তি রিনা বেগম জানান, তার স্বামী ইলিয়াস জুয়া খেলেন। কোনো কাজ করেন না। এসবের প্রতিবাদ করায় প্রায়ই তাকে মারপিট করা হতো। এমনকি ১৫ দিন আগে ইলিয়াস তাকে তালাকও দেন।
রিনা বেগম বলেন, স্বামী তালাক দেওয়ার পর মেয়েকে নিয়ে তিনি ঝিকরগাছার লাউজানি এলাকায় ধানের চাতালে কাজ নেন। গত শনিবার রাতে তিনি চাতালের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে সাবেক স্বামী ইলিয়াস তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক কামরুজ্জামান রবিবার দুপুরে জানান, ওই নারীর হাত, মুখ, বুক, পিঠ মিলিয়ে শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। অবস্থা খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তবে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় নিতে পারবেন না বলে জানিয়েছেন তার স্বজনেরা।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জেনেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।
