স্বামী-স্ত্রীর গোপনীয়তায় নজরদারির বিজ্ঞাপন নিষিদ্ধ করছে গুগল

আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:২৪ পিএম

ইন্টারনেটে বিজ্ঞাপনের ছড়াছড়ি। স্ক্রল করলেই নানা কিছুর বিজ্ঞাপন এসে হাজির হয়। অনেক সময় এমন বিজ্ঞাপনও চলে আসে, যেখান থেকে চাইলেই স্বামীর উপরে নজরদারি চালানো যায়। একইভাবে স্ত্রীর উপরে নজরদারি চালানোর মতোও বিজ্ঞাপন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এবার এই বিজ্ঞাপনগুলোর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল। এসব বিজ্ঞাপন নিষিদ্ধ হতে যাচ্ছে বিশ্বের সব থেকে বড় সার্চ ইঞ্জিনটিতে।

সম্প্রতি টেক জায়ান্টটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, নজরদারি করে এমন কোনও অ্যাপ বা বিজ্ঞাপন আর চালাবে না তারা। অনুমতি ছাড়াই নজরদারি চালায় এমন সব বিজ্ঞাপন এবং অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে গুগল।

নজরদারির প্রসঙ্গে বিগত কিছু বছর ধরেই সরগরম গোটা দুনিয়া। কখনও ফেসবুকের দিকে অভিযোগের আঙুল উঠছে, আবার কখনো গুগলের দিকে। 

তাই সেই নজরদারির বিষয়টিকে মাথায় রেখেই এবার নতুন ক্যাটেগরি ঢেলে সাজাতে চলেছে গুগল। টেক্সট মেসেজিং এবং ব্রাউজার হিস্ট্রি মনিটর করা টুলগুলোকে এখানে রাখা হচ্ছে।

যে সব জিপিএস ট্র্যাকার সাধারণ মানুষের কোনও অনুমতি ছাড়া তাদের গোপনীয়তায় আড়ি পাতে, তাদের কোনও বিজ্ঞাপনও দেখাবে না গুগল। অডিও রেকর্ডার থেকে শুরু করে ক্যামেরা, ড্যাশ ক্যাম, স্পাই ক্যামেরা, ন্যানি ক্যামেরার মতো গ্যাজেটের বিজ্ঞাপনও বন্ধ করবে কোম্পানিটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত