টেলিমেডিসিন সেবা পেলো প্রায় ৩৪ হাজার রোগী

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৫:৫৬ পিএম
ফেনীতে টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছে ৩৩ হাজার ৯২৭ জন রোগী। এদিকে জেলায় নতুন করে আরো ১১ জনের দেহে প্রাণঘাতি করোনা শনাক্ত হয়েছে। সোমবার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৪ জন, দাগনভূঞায় ৩জন, পরশুরামে ২জন ও ফুলগাজীতে ২ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ৬৮০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে ও ২২ জনের মৃত্যু হয়েছে।
 
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ জানান, সোমবার নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৬৪ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ১১ জনের করোনা পজেটিভ আসে। 
 
তিনি জানান, রোববার পর্যন্ত ৫ হাজার ৮২৯ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রোববার নতুন করে আরো ৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
 
এ পর্যন্ত জেলায় ১ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৪০১ জন, সোনাগাজীতে ১৭৩ জন, দাগনভূঞায় ২১৪ জন, ছাগলনাইয়ায় ১১৯ জন, ফুলগাজী ৫৪ জন ও পরশুরামে ৫৩ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন রোগী রয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত