প্রণোদনার আওতায় আনার দাবি বিনিয়োগকারীদের

করোনায় স্থবির কুমিল্লার পর্যটনশিল্প

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৮:০৩ এএম

করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে কুমিল্লার পর্যটন ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম। বেকার হয়ে মানবেতর দিন পার করছেন পর্যটনশিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক-কর্মচারী। পথে বসার উপক্রম হয়েছে এ খাতে বিনিয়োগকারীদের।

প্রাচীন ঐতিহ্য আর শিক্ষা-সংস্কৃতির নগরীখ্যাত কুমিল্লার পর্যটনশিল্পে এমন ধস নামায় হতাশ এ শিল্পে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। এ শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্পকে বাঁচাতে হলে প্রণোদনার আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত এ শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও সরকারের সার্ভিস চার্জ গ্রহণে সহনীয় হলে করোনার প্রভাবে বিপর্যয়ে পড়া পর্যটনশিল্প লোকসান কাটিয়ে উঠতে পারবে।

দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক না আসার দরুন ফাঁকা হয়ে আছে কুমিল্লার পর্যটন স্থানগুলো। এতে মারাত্মক ক্ষতির মুখোমুখি কুমিল্লার পর্যটনশিল্পসহ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মহামারী করোনাভাইরাসের দরুন প্রায় তিন মাস ধরে বন্ধ কুমিল্লার প্রাচীন ও নবগঠিত পর্যটন স্থানগুলো।

ঐতিহাসিক কুমিল্লা কোটবাড়ীর শালবন বিহার, ময়নামতি জাদুঘর, ১৬৫৮ সালে প্রতিষ্ঠিত শাহ সুজা মসজিদ, কুমিল্লা রূপবান মুড়া, ইংরেজ কবরস্থান, রূপসাগর, চিড়িয়াখানা-বোটানিক্যাল গার্ডেন, চ-ীমুড়া মন্দির, কুমিল্লা বার্ড, নীলাচল, কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর ও নগর উদ্যান, ড. আখতার হামিদ খান প্রতিষ্ঠিত  কেটিসিসির দর্শনীয় স্থান, রানীর কুটির, ইকোপার্ক, রাজেশপুর পার্কসহ কোটবাড়ীর বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের উপস্থিতি নেই এখন। যেখানে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের এক সপ্তাহ ধরে এ পর্যটন স্থানগুলোতে কুমিল্লা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নানান বয়সী মানুষের পদচারণায় মুখরিত থাকত সেখানে এখন শুধু হাহাকার। বিনোদন কেন্দ্রের হোটেল-মোটেলগুলোও পর্যটকশূন্য।

কুমিল্লার সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র ডাইনো পার্কের পরিচালক আ ন ম মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ব্যাংকঋণের সুদ মওকুফ ও অন্যান্য সুবিধা দিলে বিনোদন কেন্দ্রগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে।  ফান টাউনের জিএম ইফতেখার হোসেন রুবেল বলেন, করোনার কারণে কোটি টাকা ব্যয় করে গড়ে তোলা বিনোদন কেন্দ্রগুলো ক্ষতির মুখোমুখি। সরকার সহযোগিতা না করলে এ প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত