নিজেদের মিসাইল প্রকল্পের তথ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’কে পাচার করার অপরাধে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দণ্ডিত হওয়া রেজা আসগরি ইরানেরই নাগরিক ছিলেন। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে আইন-বিচার সংক্রান্ত পোর্টাল মিজান অনলাইনকে জানান মুখপাত্র গোলাম হোসেইন ইসমায়েলি।
আসগরি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিশাল অঙ্কের টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কাছে আমাদের মিসাইল প্রকল্পের তথ্য বিক্রি করে দেন বলে জানান ইসমায়েলি।
“তাকে চিহ্নিত করে ফেলা হয়, বিচারের আওতায় আনা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়।”
বিচার বিভাগের ওই মুখপাত্র আরও জানান, তথ্য পাচারের জন্য মাহমুদ মোসাভি মাজদ নামে আরও এক ইরানিয়ানকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই রায় কার্যকর করার প্রক্রিয়াও এগিয়ে চলছে।
চলতি বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের কুদ ফোর্সের কমান্ডার কাসেম সুলেইমানির তথ্য মাজদ প্রতিপক্ষদের কাছে পাচার করেছিলেন বলে অভিযোগ।
