স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:১২ এএম

স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবিতে প্রগতিশীল সংগঠনসমূহের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্ট চত্বরের কাছে পুলিশের বাধার মুখে পড়েন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেই বসে যান এবং সমাবেশ করেন তারা।

এর আগে স্বাস্থ্য খাতে দুর্নীতি-লুটপাট বন্ধে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ, স্বাস্থ্য মন্ত্রণালয় লুটপাট সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার এবং সবার জন্য বিনামূল্যে করোনা পরীক্ষাসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হন প্রগতিশীল সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে তারা মন্ত্রণালয় ঘেরাও করতে যান।

সমাবেশে প্রগতিশীল সংগঠনগুলোর সমন্বয়ক ও ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা বলেন, ‘যে মন্ত্রণালয় দেশের জনগণের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে পারে না, সেই মন্ত্রণালয় আমাদের শ্রমজীবী মানুষদের কী নিশ্চয়তা দেবে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তার কাজে ব্যর্থ।’

সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল বলেন, এই দুর্যোগে সাধারণ মানুষ করোনা পরীক্ষা করাতে চায়। কিন্তু এই সরকার করোনা পরীক্ষার জন্য টাকা নির্ধারণ করে দিল। যার ফলে দেশের সাধারণ শ্রমজীবী মানুষ করোনা পরীক্ষা করতে পারেনি। আর যারা টাকা দিয়ে করেছে তাদের পরীক্ষা না করে ফলাফল দেওয়া হয়েছে। আর এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন স্বাস্থ্য মন্ত্রণালয় চাই না, মন্ত্রীও চাই না। অবশ্যই বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘করোনা মহামারীতে বিনা চিকিৎসায় হাজারো মানুষ মারা যাচ্ছে। অথচ মানুষের জীবন বাঁচাতে সরকারের ন্যূনতম প্রস্তুতিও নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা ও সমন্বয়হীনতা পাহাড়সমান। দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিয়ে পদ ছাড়তে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত