নারায়ণগঞ্জের মদনগঞ্জে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নকশায় ২০০ বছরের প্রাচীন উপজেলা সড়কটি বিলুপ্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে ফরাজিকান্দা এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় শীতলক্ষ্যা সেতু বন্দর ও নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বর্তমানে এর কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে আমরা জানতে পারি, শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জ অংশের শেষ মাথায় অবস্থিত ২০০ বছরের পুরনো ও প্রায় ১০ লাখ মানুষের চলাচলের ফরাজিকান্দা সড়কটির ওপর দিয়ে সেতুটি যাচ্ছে। ফলে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ হয়ে যাবে। এই সড়ক বন্ধ হলে বন্দরের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, উপজেলা পরিষদসহ সরকারি অফিস, বসুন্ধরা সিমেন্ট, সামিট পাওয়ার প্লান্টসহ অসংখ্য মিল কারখানায় যাতায়াতও বন্ধ হয়ে যাবে। আমরা শীতলক্ষ্যা সেতুর নিচ দিয়ে টানেল বা ওপরে ফ্লাইওভার করে রাস্তাটি চালু রাখার দাবি করছি।
খালিদ বিন আনিসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শাহাদুল্লাহ মুকুল, কাজী সাঈদ, সাউদ আহমেদ পাভেল, আলী আহাম্মদ, ইউনুস ভুইয়া, ইস্রাফিল প্রমুখ।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার দেশ রূপান্তরকে জানান, সড়কটি বন্ধ হলে উপজেলায় যাতায়াতসহ অনেক মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। আমরা বিষয়টি সেতু মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছি। তারা আশ^স্ত করেছে এখানে যাতায়াতের সড়ক থাকবে। এলাকাবাসীর দাবিটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
