স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৭:৪৭ এএম

ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনায় ধূমপানের জন্য দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে এক তরুণ খুন হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে শ্মশানঘাট থেকে পা বাঁধা জবাই করা অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় তপন কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের স্ত্রীকে তুলে নিয়ে যায় তারা। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী।

নিহত তপন কর্মকার উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের মৃত গোপাল কর্মকারের ছেলে। লটাখোলা এলাকায় তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

তপনের বড় ভাই বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রাতের খাবার খাওয়ার সময় মুখোশ ও রেইনকোট পরা কয়েক দুর্বৃত্ত বাড়ির প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে রাম-দা ছিল। আমাদের চিৎকারের শব্দ পেয়ে ঘরে থাকা আমার ছোট ভাই তপন কর্মকার বেরিয়ে এলে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের কোপে আমার ভাইয়ের পেটের বিভিন্ন অংশ বেরিয়ে আসে এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্বৃত্তরা আমার স্ত্রীকে মুখে চেপে জোর করে তুলে নিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা তপনকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

খুলনা : ধূমপানের জন্য দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গ্রামের সেনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল ওরফে টুটে জামাল (৩৫)।  তিনি ওই এলাকার শামসুর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি মোশারেফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মাদকাসক্ত। তবে জামাল পেশায় একজন ট্রাকের হেলপার ও গোডাউনে শ্রমিকের কাজও করতেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের পঞ্চবটি শ্মশানঘাট এলাকা থেকে জবাই করা অজ্ঞাত (২৬) এক তরুণের পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরনে ছিল নীল রঙের ফুল হাতা চেক শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।

ভৈরব নৌপুলিশের এসআই রাসেল আহম্মদ বলেন, মৃত তরুণের পা বাঁধা ছিল এবং গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত