সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়াস্থ এসএস ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতের নাম মইনুল ইসলাম অওয়াল (২৭)। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলাম বড় খোকনের ছেলে ও শহরের আদি ফকির মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী।
ওসি আরও জানান, মিষ্টি ব্যবসায়ী মইনুল ইসলাম অওয়াল প্রতিদিনের মতো সকালে তার বাড়ি থেকে বের হয়ে শহরের পাওয়ারহাউজ সংলগ্ন শহীদ কাজল সরণিতে তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন।
পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়াস্থ এস.এস ভিলার সামনে পৌঁছালে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক (যার রেজিস্ট্রেশন নং- যশোর ট-১১-৩২২৩) তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী আওয়াল সড়কের ধারে ছিটকে পড়লে ট্রাকটি তার ডান হাতের উপর দিয়ে চলে যায়। এতে তার ডান হাত ভেঙে চূর্ণ-বিচূর্ণসহ তার মুখ ও বুকের অধিকাংশ স্থানে ক্ষতের সৃষ্টি হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চুকনগর এলাকায় গিয়ে তিনি মারা যান।
