কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
মোহাম্মদ আবু তালেবের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তিনি বাংলাদেশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রাক্তন শিক্ষার্থী। সেখানে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত অধ্যয়ন করেন।
কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে ২০১১ সালে তিনি কাতার যান। ২০১৪ সালে সেখানে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন। তারপর কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে অনার্সে প্রথম স্থান অধিকার করেন।
২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। দায়িত্ব সুচারুরূপে আদায় করার কারণে তিনি সম্প্রতি দ্বিতীয়বারের মতো এ মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
