মানিকগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার আরিচা পয়েন্টে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, মূলত উজান থেকে নেমে আসা ঢল আর স্থানীয়ভাবে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যমুনা নদী সংলগ্ন জেলার দৌলতপুর, শিবালয় এবং পদ্মা নদী সংলগ্ন হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চল ধলেশ্বরী সংলগ্ন সাটুরিয়ায় ইতিমধ্যে বন্যাকবলিত হয়ে পড়েছে।
হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সায়েদুর রহমান বলেন, উপজেলার লেছরাগঞ্জ, হারুকান্দি, সুতালরি, আজিমনগর, বয়রা, কাঞ্চনপুর ইউনিয়নের অধিকাংশ এলাকাই পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা পরিষদের সামনের সড়কে রাস্তায় পানি উঠেছে।
দৌলতপুর উপজেরার বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এ ইউনিয়নের রামানারায়নপুর, পুরানপাড়া, কাশি দয়ারামপুরের প্রায় দুই শতাধিক বাড়ি-ঘরে পনি উঠে এসেছে। গো খাদ্য সংকট নিয়ে রয়েছে চরম ভোগান্তিতে খামারিরা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস,এম ফেরদৌস বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
