রাঙ্গামাটিতে ‘হাইফ্লো’ অক্সিজেন সংকট

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:১৬ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগীদের জন্য ‘হাইফ্লো’ অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু রাঙ্গামাটিতে অক্সিজেনের সংকটে শুরু হয়েছে হাহাকার। তীব্র শ্বাসকষ্টের সময় হাইফ্লো (উচ্চ প্রবাহ) অক্সিজেন দরকার হলেও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সীমাবদ্ধতার কারণে তা মিলছে না। শ্বাসকষ্টের রোগীরা করোনায় আক্রান্ত হলে তীব্র শ্বাসকষ্টে ভুগছে। এতে রোগীদের হাইফ্লো অক্সিজেনের জন্য রেফার করা হচ্ছে বিভাগীয় হাসপাতালে। কিন্তু যাদের আর্থিক অবস্থা খারাপ তারা রোগী নিয়ে পড়ছেন বিপাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে অক্সিজেন পদ্ধতি রয়েছে তাতে তীব্র শ^াসকষ্টের রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ছাড়া এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।

১২ জুলাই রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা শেফালী সেনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হার্ট ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে চম্পকনগরের আইসোলেশন সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সেখানে রাখেন। পরে চাহিদা অনুযায়ী অক্সিজেন দিতে না পারায় রোগীকে চট্টগ্রামে রেফার করা হয়, কিন্তু তাকে চট্টগ্রামে না নিয়ে বাসায় নিয়ে যান স্বজনরা। এর এক দিন পরই মারা যান শেফালী সেন।

শেফালী সেনের ছেলে বাবলা সেন বলেন, অক্সিজেনের তেমন সুব্যবস্থা না থাকায় মাকে চট্টগ্রামে রেফার করা হয়। কিন্তু আমরা তাৎক্ষণিক চট্টগ্রামে না নিয়ে মাকে বাসায় নিয়ে আসি। এর এক দিন পরই গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন মা।

এ বিষয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, শেফালী সেনকে যখন হাসপাতালে আনা হয় তখন ওনার খুবই খারাপ অবস্থা ছিল। রোগীর প্রতি মিনিটে ৬০ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছিল, আর আমাদের যে সিস্টেম সেখানে ১০ লিটারের ওপর অক্সিজেন দেওয়ার সামর্থ্য নেই। হাইফ্লো অক্সিজেন দেওয়ার সামর্থ্য আছে চট্টগ্রামে, আমাদের সে ব্যবস্থা না থাকায় আমরা ওনাদের অনুরোধ করি চট্টগ্রামে নিয়ে যেতে।

রাঙ্গামাটি হাসপাতালের সার্বিক অক্সিজেন ব্যবস্থার বিষয়ে জেনারেল হাসপাতালের দায়িত্বরত এই চিকিৎসক বলেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ছাড়া আমাদের এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। করোনার জন্য হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বেড়েছে কয়েকগুণ।

রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাশ খীসাকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের হাইফ্লো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা নেই। ওই রোগীর হাইফ্লো অক্সিজেনের প্রয়োজন ছিল। সেন্ট্রাল অক্সিজেনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত