ঢাকা-আগরতলা সড়কের আখাউড়ার খড়মপুর বাইপাস এলাকায় আন্তর্জাতিক সড়কের মাঝখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করে। গর্ত ভরাট করার পর বিকেল ৪টার দিকে ভারী যানবাহন চলাচল শুরু হয়।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন খড়মপুর বাইপাস এলাকায় সড়কের মাঝখানে গর্ত দেখে লাল কাপড়ের নিশান টানিয়ে দেন। গর্তটি প্রায় ৮ ফুট প্রস্থ ও প্রায় ১০ ফুট গভীর। খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থলে যান। পরে তিনি ওই পথে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী এ কে এম জাকারিয়া বলেন, গর্তটি ভরাট করার পর বিকেল ৪টা থেকে ওই সড়কে ভারী যানবাহন চলাচল শুরু হয়।
