জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৪:২৯ পিএম

জামালপুরে যমুনার পানি ধীর গতিতে কমতে শুরু করলেও দ্রুত গতিতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। শনিবার বিকেলে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে ও ব্রহ্মপুত্রের পানি জামালপুরের পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

শনিবার দুপুরে সদরের লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে সাদিয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুর সদরের লক্ষ্মীরচর, তুরশীরচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে জেলার ৭ উপজেলা ও ৮ পৌরসভার ৬৫৩ টি গ্রামের ২ লাখ ৩০ হাজার ৪২১ পরিবারের ৯ লাখ ৩১ হাজার ৫৩৭ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে ৩ হাজার ৩২১টি পরিবার আশ্রয় নিয়েছে ৭৯ টি আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক। দুর্গতদের জন্য নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ দেড় লাখ টাকা বরাদ্ব দেওয়া হয়েছে।

এদিকে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদরের লক্ষীরচর ইউনিয়নের চরপাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাদিয়া আক্তার (১০) বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘন্টার চেষ্টায় দুপুর দেড়টার দিকে সাদিয়ার লাশ উদ্ধার করে।

এ নিয়ে এবারের দ্বিতীয় দফা বন্যায় পানিতে ডুবে ৬ জনের মৃত্যুর হলো। এর আগে প্রথম দফার বন্যায় মৃত্যু হয়েছিল ১১ জনের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত