জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কালাই আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মামুনর রশিদ সরদারের (৬৮) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মামুনর রশিদ কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লার মৃত ইউনুস আলী সরদারের ছেলে।
জেলা সিভিল সার্জন অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষ অবস্থায় কালাই পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মামুনুর রশিদকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে পরীক্ষা করে তার করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। দুপুরের পর স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বলেন, জয়পুরহাটে করোনায় এই প্রথম একজনের মৃত্যু হলো। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৪৯৩ জনের ফলাফল পাওয়া গেছে। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬২৩, সুস্থ হয়েছেন ৩৭৮ জন।
