ওয়ারীর করোনা রোগীর বাসায় মেয়র তাপসের ফলের ঝুড়ি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৮:৪৮ পিএম

রাজধানীর ওয়ারীর লকডাউন এলাকায় করোনা রোগীরদের বাসায় ফলের ঝুড়ি উপহার হিসেবে পাঠাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের এ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

৪১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাসায় ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন। 

আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।

৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরুর পর থেকে এ এলাকায় কোভিড-১৯ এ আক্রান্ত ৭৭ রোগী রয়েছেন। 

তাদের মধ্যে শনিবার ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়, বাকি রোগীদের বাসায় রবিবার উপহার সামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।

এ ছাড়া লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

খবর: বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত