ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে আশিক রানা (২৪) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পৌর শহরের ভান্ডারা এলাকার কুলিক নদীতে ডুবে তার মৃত্যু হয়। তিনি দক্ষিণ শালবাড়ী গ্রামের সাবেক সেনাসদস্য গোলাম মোস্তফার ছেলে। গোলাম মোস্তফা জানান, আশিক রানা ঢাকার সাভারে কর্মরত ছিল। সম্প্রতি এক মাসের ছুটি নিয়ে সে বাড়িতে আসে। দুই বছর আগে সেনাবাহিনীতে যোগ দেয় সে।
স্থানীয়রা জানান, ওই নদীতে দুপুর ১টার দিকে ৬ বন্ধুর সঙ্গে গোসল করতে যায় আশিক। তারা সবাই গোসল করার সময় ডুবে যায় আশিক। খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয় এলাকাবাসী। রানীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
