স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকৌশলী দেলোয়ার হত্যা মামলার অধিকতর তদন্ত দাবি

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৬:৫৫ এএম

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তার স্ত্রী মোছা. খোদেজা আক্তার। তার মতে, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডের বাস্তবায়নকারী মাত্র। পরিকল্পনাকারীরা এখনো আড়ালে রয়ে গেছে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজতি এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনের পর অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আইইবির সদস্য, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, বুয়েটের শিক্ষক ও নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন। পরে হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন আইইবির সহসভাপতি প্রকৌশলী মঞ্জুরুল হক মঞ্জু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা আক্তার বলেন, গত ১১ মে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার স্বামীর কর্মস্থলে যাওয়ার জন্য অফিসের গাড়ি না পাঠিয়ে ভাড়া করা গাড়ি পাঠানো হয়। ওই দিনই তাকে হত্যা করে উত্তরা দিয়াবাড়িতে লাশ ফেলে যায় খুনিরা। পরদিন তিনি তুরাগ থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি তদন্ত করে পুলিশ পরবর্তীকালে নিহত দেলোয়ারের সহকর্মী আনিসুর রহমান সেলিম, ভাড়াটে খুনি শাহীন ও গাড়িচালক হাবিবকে গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। বর্তমানে গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন।

খোদেজা আক্তার অভিযোগ করেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আনিসুর রহমান সেলিম জানিয়েছেন যে কর্মস্থলে তার স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছেন। একজন অধস্তন কর্মচারী কারও বিনা প্ররোচনায় তার বসকে (স্যার) খুন করতে পারে না। তাই যারা ধরা পড়েছে এরা পরিকল্পনা বাস্তবায়নকারী। মূল পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত